ভোরের আলো ডেস্কঃ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমার কাছে মনে হচ্ছে, সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে বিভিন্ন স্থাপনায় পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ না করে গান পাউডার ব্যবহার করেছে। গত ১৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত সারা বাংলাদেশে যে তাণ্ডব হয়েছে, রংপুর সেই তাণ্ডব থেকে বাদ যায়নি বরং অনেক জেলার চেয়ে বেশি হয়েছে।’
কোটা আন্দোলনকে কেন্দ্র করে ভাঙচুর করা রংপুরের বিভিন্ন সরকারি স্থাপনা, আওয়ামী লীগের কার্যালয় বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে পরিদর্শন করেন তিনি। পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার সঙ্গে ছিলেন। আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন, মেট্রোপলিটন তাজহাট থানা, জেলা ও মহানগর আওয়ামী লীগ অফিসসহ বিভিন্ন সরকারি অফিসে অগ্নিসংযোগ, ভাঙচুর করা হয়। এসব স্থান পরিদর্শন শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘একটি সংঘবদ্ধ দল বিশেষ উদ্দেশ্যে রাষ্ট্রকে অকার্যকর করার জন্য স্বাধীনতাবিরোধী চক্র, যারা দেশে জঙ্গির উত্থান ঘটিয়েছিল, সেই জামায়াত-বিএনপি জঙ্গিদের নিয়ে এবারও রাষ্ট্রকে পুরোপুরি অকার্যকর করার জন্য কাজ করেছে। তারা কোটাবিরোধী আন্দোলনে কৌশলে যুক্ত হয়ে নারকীয় তাণ্ডব চালিয়েছে।’
তিনি বলেন, ‘রংপুরে তারা যে নারকীয় তাণ্ডব চালিয়েছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা চালিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। পুলিশের গাড়িসহ বিশ্ববিদ্যালয়ের অনেক গাড়ি জ্বালিয়ে মালামাল লুট করেছে। উপাচার্য ও তার পরিবারসহ ২০ জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা করার চেষ্টা করেছে। তাজহাট থানায় আক্রমণ করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ শ্রমিক লীগ অফিস জ্বালিয়ে দিয়েছে। মেট্রোপলিটন পুলিশের ডিসি, ডিবি ডিসি ক্রাইম, নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ি, ধাপ পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দিয়েছে।’













Leave a Reply