রেজাউল হাবিব রেজা(ভোরের আলো ডেস্ক):
সুফিয়া-মান্নান ফাউন্ডেশন এর আয়োজনে কিশোরগঞ্জে বেসরকারি গ্রন্থাগারিকদের নিয়ে আজ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আধুনিক ও দক্ষ গ্রন্থাগার ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জে বেসরকারি গণগ্রন্থাগারসমূহের ব্যবস্থাপনা দক্ষতা, পাঠকসেবা, আর্থিক শৃঙ্খলা ও সেবার মানোন্নয়নের লক্ষ্যে আজ ১৯ সেপ্টেম্বর সকাল ৯টা হতে দিনব্যাপী গ্রন্থাগারিকদের নিয়ে কিশোরগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালাটি সম্পন্ন হয়েছে।
কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির আহবানে এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের প্রশিক্ষণ সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালার বাস্তবায়ন সহযোগী হিসেবে সার্বিক ব্যবস্থাপনা ও সমন্বয়ে ছিল সুফিয়া-মান্নান ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক ড.আফসানা বেগম।
উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ ড. ইয়াসমীন আহমেদ। আঞ্চলিক ইতিহাস ঐতিহ্য সম্পর্কিত লেখক ও সাংবাদিক মু. আ. লতিফ।। সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি মোঃ রুহুল আমিন।
স্বাগত বক্তব্য রাখেন সুফিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান।
সঞ্চালনা কিশোরগঞ্জ বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ।
দিনব্যাপী এ কর্মশালায় কিশোরগঞ্জের শহীদ লেফটেন্যান্ট আবুমুঈন মোহাম্মদ আশফাকুস সামাদ স্মৃতি গ্রন্থাগার, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারসহ জেলার ৫৫ টি বেসরকারি গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক, কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালা চলমান ছিল।
অনুষ্ঠিত প্রশিক্ষণে আধুনিক গ্রন্থাগার প্রশাসন ও ব্যবস্থাপনা, পাঠকসেবা উন্নয়ন, বই সংগ্রহ ও সংরক্ষণ, ক্যাটালগিং ও শ্রেণিবিন্যাস, কার্যক্রম পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, হিসাব সংরক্ষণ, Cash Book ও Voucher ব্যবস্থাপনা, বাজেট প্রণয়ন এবং অডিট ও জবাবদিহিতা বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
কর্মশালায় জাতীয় গ্রন্থকেন্দ্রের অভিজ্ঞতা ও কারিগরি জ্ঞানকে কাজে লাগিয়ে বেসরকারি গ্রন্থাগারগুলোর বর্তমান সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচিত হয়। পাশাপাশি পাঠক বৃদ্ধি, পাঠাভ্যাস সৃষ্টি এবং গ্রন্থাগারকে আরও আধুনিক, সুশৃঙ্খল, পাঠকবান্ধব ও টেকসই প্রতিষ্ঠানে রূপান্তরের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা গ্রন্থাগারের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা ও অডিট ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করার পাশাপাশি পাঠকসেবা ও সামাজিক কার্যক্রম সম্প্রসারণে বিভিন্ন বাস্তবভিত্তিক ধারণা প্রদান করা হয়।
এটি ছিল কিশোরগঞ্জের বেসরকারি গ্রন্থাগারগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং গ্রন্থাগার ব্যবস্থাপনায় পেশাদারিত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ও বাস্তব উপলব্দির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ভবিষ্যতে জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন অতিথি ও অংশগ্রহণকারী গ্রন্থগারীকরা।










Leave a Reply