ভোরের আলো বিডি ডেস্ক ঃ
কিশোরগঞ্জ মডেল থানায় আজ শনিবার সিসিক্যামেরা স্থাপনের কার্যক্রমের উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম।
কিশোরগঞ্জ আইন-শৃঙ্খলা বাহিনীর পরিকল্পনার ছকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থল পর্যায়ক্রমে এ নজরদারির আওতায় নিয়ে আসার কথা ঘোষণা করা এ অনুষ্ঠানে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, বর্তমান সরকারের মূল অঙ্গীকার ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দেশের মানুষকে স্বস্তি দেওয়া। সমাজে বর্তমানে যে অপরাধপ্রবণতা দেখা যাচ্ছে, তা উত্তরাধিকার সূত্রে পাওয়া। বিগত সময়ে অপরাধীদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া ও উৎসাহিত করা হতো। জনপ্রতিনিধিদেরও তাদের সঙ্গে সম্পৃক্ততা ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এসব বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স। মাদক, ছিনতাই, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ নির্মূলে সরকার বদ্ধপরিকর।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল্লাহ্ কায়সার বলেন, কিশোরগঞ্জে চুরি-ছিনতাইয়ের ঘটনা প্রচুর বেড়েছে। প্রতিটি আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়। কিন্তু অপরাধ নিয়ন্ত্রণে আসেনি। সিসিটিভি ক্যামেরা স্থাপন একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে শহরের চুরি-ছিনতাই নিয়ন্ত্রণে আসবে বলে আশা করি।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন বলেন, প্রতিদিনই চুরির ঘটনা ঘটছে। কিছুদিন আগে আমার বাসার সামনে থেকে এক সাংবাদিকের মোটরসাইকেল চুরি হয়েছে। তিনি বলেন, ‘কিশোরগঞ্জ পৌরসভায় বসবাস করার মতো অবস্থা নেই। এ অবস্থা থেকে নিস্তার চাই।’
জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, শহরে সিসিটিভি ক্যামেরা স্থাপন অপরাধীদের মধ্যে ভীতি সৃষ্টি করবে। তিনি নদীর পাড়ের সড়কগুলোতেও ক্যামেরা স্থাপনের অনুরোধ জানান। তিনি বলেন, কিছুদিন আগে এক মেয়েকে ছিনতাইকারীরা এতটা নির্যাতন করেছে যে তাঁর চোখই দেখা যাচ্ছিল না। এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের চেয়ে অনেক বেশি তৎপর। সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়ায় তিনি পুলিশ সুপারকে ধন্যবাদ জানান।
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা একটি সুন্দর ও প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে। অপরাধী শনাক্ত হলে ধীরে ধীরে অপরাধের মাত্রাও কমে আসবে।
জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, সিসিটিভি ক্যামেরা স্থাপন প্রযুক্তিনির্ভর, জনবান্ধব ও জবাবদিহিমূলক পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে চুরি, ছিনতাই, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে একসঙ্গে কাজ করলে একটি সুন্দর কিশোরগঞ্জ গড়ে তোলা সম্ভব।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরীফুল হকসহ প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, শহরের সব সড়ক ও বাসাবাড়ি পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। এ জন্য থানায় সার্ভার রুম স্থাপন করা হয়েছে। কিশোর গ্যাং, ছিনতাই, চুরি, চাঁদাবাজি, দোকানে হামলা ও হুমকির মতো অপরাধ বন্ধে এ ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে। তিনি বলেন, এমন প্রযুক্তির ক্যামেরা স্থাপন করা হচ্ছে, যার মাধ্যমে প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হবে। এতে শুধু অপরাধ নিয়ন্ত্রণই নয়, মানুষের আচরণগত পরিবর্তনও আসবে।
Leave a Reply